শনিবার বিএনপির জনসভা যাত্রাবাড়ীতে
সাত খুনের ঘটনার পর ডেমরায় জনসভা করতে পুলিশের অনুমতি না মেলায় জনসভার নতুন স্থান নির্ধারণ করেছে বিএনপি।
আগে নির্ধারিত দিনেই অর্থাৎ ১৭ মে ডেমরার পরিবর্তে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে বুধবার মহানগর বিএনপির এক যৌথ সভায় জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক তরিকুল ইসলাম এ কথা জানান।
ওই জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।
আলোচিত সাত খুনের প্রতিবাদে বিএনপি ১৭ মে ডেমরায় জনসভা করার কর্মসূচি ঘোষণা দিয়েছিল।
দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আমাদের জনসভার জায়গা ঠিক করা হয়েছে। এখন এই কর্মসূচি আমাদের সর্বাত্মক সফল করা চাই।”
তিনি বলেন, “নারায়ণগঞ্জে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, তা কেবল সমগ্র জাতি নয়, বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। আমরা আশা করছি, এবার যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।”
এর আগে নারায়ণগঞ্জেও সমাবেশের অনুমতি চেয়ে পায়নি বিএনপি।
মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে যৌথ সভায় জনসভার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে কেন্দ্রীয় নেতারা তাদের মতামত দেন।
সভায় দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, শফিউল বারী বাবু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মুনির প্রমুখ বক্তব্য রাখেন।
