‘র্যাবে রক্ষীবাহিনীর ছায়া’
নারায়ণগঞ্জে সাত খুনের পর র্যাবের চাকুরিচ্যুত তিন র্যাব কর্মকর্তা রাষ্ট্রীয় ‘প্রোটেকশন’ পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “সরকার র্যাবকে দেশব্যাপী খুন-খারাপি চালিয়ে যাওয়ার নিজস্ব বাহিনীতে পরিণত করেছে। নারায়ণগঞ্জে সাত খুনের পর র্যাবের অভিযুক্ত তিন কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধা বহাল রেখে অবসর দেয়া হয়েছে। তারপরও এখনো তাদের (তিন কর্মকর্তা) গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।”
কারণ হিসাবে তিনি বলেন, “অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের একজন হলেন সরকারের প্রভাবশালী মন্ত্রীর জামাতা। সুতরাং রাষ্ট্রের প্রোটেকশন পেতে তাদের কোনো বিলম্ব হয়নি।”
গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
এরপর র্যাব-১১ এর কর্মকর্তাদের বিরুদ্ধে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগের মুখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর জামাতা র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ তিন জনকে চাকরিচ্যুত করা হয়।
ফাইল ছবি
র্যাবের বিলুপ্তি সর্ম্পকে দলের অবস্থান আবারো তুলে ধরে তিনি বলেন, “প্রতিষ্ঠাকালে যে সুনাম অর্জন করেছিলো র্যাব, তা আজ ভূতলে শায়িত হয়েছে। র্যাব এখন যেন মানুষের ঘুম কেড়ে নেয়ার মূর্তিমান বর্গী সেনা। র্যাব এখন রক্ষীবাহিনীর প্রেতাত্মা। দেশব্যাপী সিরিয়াল কিলারের নাম এখন র্যাব। তারা জনগণের কাছে জমদূতে পরিণত হয়েছে।’’
সাত খুন সম্পর্কে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসানের বক্তব্য ‘দুরভিসন্ধিমূলক’ অভিহিত করে যুগ্ম মহাসচিব বলেন, “তদন্তের আগে তিনি কীভাবে বলেন, শহীদ চেয়ারম্যান ওই ঘটনার সঙ্গে জড়িত। কোনো দায়িত্বশীল কর্মকর্তা এরকম কথা বলতে পারেন না। এই জিয়াউল হাসান প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক।”
সম্প্রতি ঝিনাইদহের কালিগঞ্জের সাবেক পৌর প্যানেল মেয়র ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে পুরান ঢাকায় ওয়ারি থানার ওয়েস্টার্ন খাল সংলগ্ন জমিতে হিন্দু সম্প্রদায়ভুক্ত রবিদাস গোষ্ঠীর জমি ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দখল করে রেখেছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, “সকল অনাচার হোতাই হচ্ছে- ক্ষমতাসীন দলের লোকেরা। সংখ্যালঘুদের বাড়িঘর দখল থেকে শুরু করে দেশব্যাপী সব জমি-জমা কেড়ে নিচ্ছে তারা।”
সংবাদ ব্রিফিংয়ে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক সাংসদ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
