২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলসহ ৫ জনের জামিনের মেয়াদ বাড়লো

বাংলা মোটরে পুলিশ কনস্টেবল হত্যা এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তাদের জামিনের মেয়াদ ১৭ জুন পর্যন্ত বাড়ান।

এ মামলার বাকি চার আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আব্দুস সালাম।

এ মামলায় একই সময় আত্মসমর্পনের পর মির্জ্জা আব্বাসকে স্থায়ী জামিন দেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী নূরুজ্জামান তপন জানান, রমনা থানার ওই দুই মামলায় সোমবার মির্জা ফখরুলসহ আসামিরা আদালতে হাজিরা দিয়ে জামিন বাড়ানোর আবেদন করেন।

এর আগে রোববার ককটেল বিস্ফোরণের অপর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের জন্য আগামী ৮ অক্টোবর দিন ঠিক করে আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ চলাকালীন সময়ে মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এঘটনায় মতিঝিল থানার এসআই মোকারম হোসেন বাদি হয়ে মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কেএম আজিজুল হক গত বছরের ১৪ ডিসেম্বর অভিযোগপত্র  দাখিল করেন।