‘সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে’
বর্তমান জাতীয় সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “দশম জাতীয় সংসদের অস্তিত্ব নেই। এই সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। সংসদের প্রতিনিধিরা জনগণের ভোটে আসেননি।
“সংসদ হচ্ছে বড় স্থাপনা। কিন্তু এর ভেতরে কোনো প্রাণ নেই।”
তাই যে কোনো সময় এই সংসদ ‘তাসের ঘরের মতো ভেঙে’ পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, “সরকার গণতন্ত্র বিনষ্ট করেছে। গণতন্ত্র উদ্ধার করতে হলে আমাদের সবাইকে মাঠে নেমে আন্দোলন করতে হবে।”
সরকারের কিছু ব্যক্তি টাকার জন্য প্রশ্নপত্র ফাঁস করছে দাবি করে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তাহলে জাতি কুশিক্ষার দিকে ধাবিত হবে। প্রশ্নপত্র ফাঁস হলো কুশিক্ষার দিকে ধাবিত হওয়ার উদাহরণ। যারা প্রশ্নপত্র ফাঁস করছে তাদের বিচার করতে হবে।”
আলোচনা সভায় কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির পক্ষ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০১১ সহজীকরণ, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিজ স্কুলের নামে জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার অনুমতিসহ ১২ দফা দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা আকবর হোসেন ভূইয়া নান্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, মহাসচিব এম এ তুহিন প্রমুখ বক্তব্য দেন।
