২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জড়িত থাকলে সরকার-ঘনিষ্ঠরাও ছাড় পাবে না: সুরঞ্জিত

নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 07:48 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “নারায়ণগঞ্জের ঘটনায় প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। অপরাধী যেই হোক, সরকার কিংবা আওয়ামী লীগ এর দায় নেবে না, নেবে না, নেবে না।

“গণতান্ত্রিক অবস্থানে থেকে অপরাধীকে আইনের আওতায় আনা হবে। দলীয় সঙ্কীর্ণতার কারণে কোনো অপরাধীকে মুক্ত করা হবে না।”

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়।

অপহরণে দুদিনের মাথায় র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ কয়েক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

এর মধ্যে নজরুলের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডে র্যর‌্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তোলার পর তারেককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

তারেক সাঈদ মাহমুদ সম্পর্কে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।

সুরঞ্জিত বলেন, “একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অর্থবহ তদন্তের জন্য জাতি অপেক্ষা করছে।”

এবিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে বিশ্বজিত হত্যাকাণ্ডে বিচারের প্রসঙ্গ টানেন সাবেক এই মন্ত্রী।

“বিশ্বজিত হত্যাকাণ্ডে ছাত্রলীগের নেতাকর্মীদের ফাঁসির রায় হয়েছে। নারায়ণগঞ্জের এই ঘটনাতেও যদি সরকারের ঘনিষ্ঠ কেউ থেকে থাকে তাহলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে।

“এক্ষেত্রে সরকার সব কিছুর উর্ধ্বে থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।”

হত্যা মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেনকে শিগগিরই গ্রেপ্তারের বিষয়ে আশা প্রকাশ তিনি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী এই আলোচনা সভায় নারায়ণগঞ্জের বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার কারণ ব্যাখ্যা করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “বিএনপির বন্ধুদের সবিনয়ে বলতে চাই, এখন সভার সময় নয়। এখন প্রয়োজন একটি সুষ্টু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন। এখন এমন কিছু করা যাবে না যাতে তদন্তকাজ বিঘ্নিত হয়।

“যখন সময় হবে, পরিবেশ হবে তখন সভা সমাবেশ করতে কোনো বাধা থাকবে না। নারয়াণগঞ্জ, ঢাকা- বাংলাদেশের যে কোনো জায়গায় সভা-সমাবেশ করতে পারবেন।”

র‌্যাবকে নিয়ে বিএনপির সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

সুরঞ্জিত বলেন,” র‌্যাব আপনাদের সৃষ্টি, র‌্যাবকে আপনারা স্বাধীনতা পদকও দিয়েছেন। এখন আপনারাই বলছেন র‌্যাবের প্রয়োজন নেই। মাথাব্যাথার ব্যাথা হলে ওষুধ খেতে হয়, মাথা কেটে ফেলা তো কোনো সমাধান নয়।”

“দোষ র‌্যাবের নয়, ক্ষমতার অপব্যবহারের। তাই র‌্যাব বাতিলের দাবি না করে কীভাবে র‌্যাবের জবাবদিহিতা অধিক মাত্রায় নিশ্চিত করা যায়, ক্ষমতার অপব্যবহার রোধ করা যায় সে বিষয়ে সরকারকে সহযোগীতা করুন, পরামর্শ দিন।”

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, দলীয় সংসদ সদস্য হাজি সেলিম ও নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির মিজি।