২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগনেতা ফয়েজ হত্যায় ৭ জন গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মুনিম ফয়েজ হত্যায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 03:54 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী সিরাজ আলম (৬২), শাকিল খান (২৫), জাহিদ হাসান (২২), নবীন হোসেন (২৩), প্রাইভেটকার চালক রফিকুল ইসলাম (৩৫), অ্যাম্বুলেন্স চালক মোস্তফা (৩৩) ও তার সহযোগী ইমরান হোসেন।

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম কার‌্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়।

তিনি সাংবাদিকদের বলেন, যুবকের অর্থসংক্রান্ত বিরোধের জের ধরে এর পরিচালক শেখ মুনিম ফয়েজকে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে।

গত ৫ এপ্রিল নিখোঁজ হন ফয়েজ। পরদিন তার গাজীপুরের বর্ষা সিনেমা হলের সামনে তার লাশ পাওয়া যায়।

উপ-কমিশনার কৃষ্ণপদ বলেন, “ফয়েজকে কৌশলে কলাবাগান থেকে রায়ের বাজারে একটি বাসায় আটকে ব্যাপক মারধর করা হলে সেখানেই তিনি মারা যান। তার লাশ সরিয়ে ফেলতে তারা প্রথমে একটি প্রাইভেটকার ও পরে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে।”

লাশটি ভালুকায় নিয়ে ফেলতে চেয়েও না পেরে গ্রেপ্তারকৃতরা বর্ষা সিনেমা হলের সামনে ফেলে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা পুলিশের সহকারী উপ-কমিশনার মো. সানোয়ার হোসেন বলেন, ফয়েজকে হত্যার বিষয়টি জানতে পেরে প্রায় অর্ধশতাধিক ব্যক্তির উপর নজরদারি শুরু করে গোয়েন্দা পুলিশ।

ব্রিফিং শেষে নিহতের স্ত্রী নাহিদ ফারহানা সাংবাদিকদের বলেন, “যারা এ হত্যায় জড়িত আমি তাদের ফাঁসি চাই। তাদের কারণে আমার দুই শিশু সন্তান এতিম হয়েছে।”

এসময় তার সঙ্গে ছিল দুই কন্যা তাসমিয়া ফয়েজ (৫) ও তানজিনা ফয়েজ (৩)।