আব্বাসের মানহানি মামলা, যুগান্তর সম্পাদক-প্রকাশকের অব্যাহতি
বিএনপি নেতা মির্জা আব্বাসের দায়ের করা মানহানির মামলায় অব্যাহতি পেয়েছেন জাতীয় দৈনিক যুগান্তরের সাবেক সম্পাদক গোলাম সরোয়ার, প্রকাশক সালমা ইসলাম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
বুধবার ঢাকার অতিরিক্ত বিচারিক হাকিম আলমগীর কবির রাজ তাদের অব্যাহতি দেন।
২০০৩ সালে মির্জা আব্বাস জোট সরকারের পূর্তমন্ত্রী থাকার সময়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে দুটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর।
এর একটি ছাপা হয় ৯ অক্টোবর, যার শিরোনাম ছিল ‘পূর্তমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ভৎর্সনা’। অন্য প্রতিবেদনটি প্রকাশ হয় ৩০ অক্টোবর ‘একমন্ত্রীর ইন্ধনে পরিবহন সেক্টরে দুর্নীতি’ শিরোনামে।
ওই দুটি সংবাদের প্রেক্ষিতে মির্জা আব্বাস বাদী হয়ে ওই বছরেরই ২ নভেম্বরে মানহানির মামলা দায়ের করেন।
বুধবার ছিল আদালতে অভিযোগ গঠনের দিন। একইসঙ্গে মামলার অভিযুক্তরা মামলা থেকে অব্যাহতির আবেদনও জানিয়েছিলেন।
এমামলায় সরোয়ারের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণমাধ্যমে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে এরকম মামলা যুক্তিসংগত নয় বলে মন্তব্য করেছেন বিচারক।
“আর এ সংক্রান্ত অভিযোগ নিয়ে আদালতে আসার আগে বিষয়টি নিষ্পত্তি করার জন্য প্রেস কাউন্সিলে বাদী যেতে পারতেন বলেও মন্তব্য করেছেন তিনি।”
মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বাদী ও আসামিরা।
