২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুম-অপহরণ ‘সীমাহীন পর্যায়ে’: সুরঞ্জিত

গুম ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এতে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 08:59 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর অপহরণ এবং এক আইনজীবী নিখোঁজ হওয়ার পরদিন সোমবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

সুরঞ্জিত বলেন, “নারায়ণগঞ্জের ঘটনার পর সারাদেশে আইনের শাসনে বিশ্বাসী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। যারা অপহরণ হয়েছে, এরা কেউ সরকারের বাইরের লোক নয়। কোনোভাবেই এ বিষয়ে অবহেলা করা যাবে না।”

আওয়ামী লীগের ‍উপদেষ্টা পরিষদের সদস্যের এই বক্তব্যের দিনই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এক সমাবেশে বলেন, গত এক বছরে তার দলের ৩১০ জন নেতা-কর্মী গুম-হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

দুই বছর আগে সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে বিএনপি গুম-হত্যাকাণ্ড নিয়ে সরকারের সমালোচনায় মুখর।

ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ওই অনুষ্ঠানে সুরঞ্জিত বলেন, সাম্প্রতিক সময়ে গুম ও অপহরণের ঘটনা ‘সীমা অতিক্রম’ করেছে।

সাবেক এই মন্ত্রী বলেন, “সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ও সুশাসন প্রতিষ্ঠা করা। অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তাদের চক্রকে খুঁজে বের করতে হবে।”

নারায়ণগঞ্জে স্কুলছাত্র তানভির মোহাম্মদ ত্বকি হত্যার বিচার হলে আবু বকর সিদ্দিক অপহরণ কিংবা কাউন্সিলর নজরুল ইসলাম অপহরণের ঘটনা ঘটত না বলে মনে করনে সুরঞ্জিত।