হিরনের আসনে উপ-নির্বাচন ১২ জুন
আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের মৃত্যুতে শূন্য বরিশাল-৫ আসনে আগামী ১২ জুন ভোটের দিন রেখে উপ-নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।
ঘোষিত ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১১ মে, মনোনয়ন যাছাই-বাছাই ১৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ মে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে কমিশনের সভা শেষে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তফসিল জারি করা হয়।
এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ভোলা ও বরিশালের জেলা নির্বাচন কর্মকর্তা।
গত ৯ এপ্রিল সংসদ সদস্য হিরনের মৃত্যু হলে বরিশাল-৫ (সদর) আসনটি শূন্য হয়।
এই আসনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৯টি, ভোট কক্ষ ৮১০টি।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৯৬৭ জন এবং নারী ১ লাখ ৭১ হাজার ২৬১ জন।
বরিশালের গুরুত্বপূর্ণ এই আসনে নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সরোয়ার।
বিএনপির অনুপস্থিতিতে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন হিরন। সংসদ নির্বাচনের ছয় মাস আগে মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে হেরেছিলেন তিনি।
