অনুমতি না মিললে বিএনপির সমাবেশ প্রেসক্লাবে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি না পেলে সোমবার বিক্ষোভ কর্মসূচির পর জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।
রোববার ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ২৮ এপ্রিল বিক্ষোভ এবং ৪ মে গণঅনশনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
ঢাকা মহানগর বিএনপি এই কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানে পালন করতে চাইছে।
সালাম বলেন, “আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছি।”
“আমাদের হাতে সময় অনেক কম। তাই ওরা (ডিএমপি) যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের সমাবেশের জন্য বিকল্প স্থান হিসেবে প্রেসক্লাবের অনুমতি নিয়ে রেখেছি।”
