২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুই জেলায় নেতৃত্ব বদল

পঞ্চগড় ও সৈয়দপুরের সাংগঠনিক জেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 07:53 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শুক্রবার দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চগড়, সৈয়দপুর ও নীলফামারীর সাংগঠনিক জেলা কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার ওই তিন কমিটির নেতাদের ঢাকায় এনে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরেকটি বৈঠকে পঞ্চগড় ও সৈয়দপুরে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

পেশায় আইনজীবী এ হাসান প্রধানকে আহ্বায়ক করে ১৭ সদস্যের পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটি করা হয়েছে। জেলার সব উপজেলা, পৌর সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার সাবেক সভাপতি মোজাহার হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।

এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে সব পর্যায়ে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় বেধে দেয়া হয়েছে।

অন্যদিকে সাংগঠনিক জেলা সৈয়দপুরের নতুন আহ্বায়ক কমিটির প্রধান হয়েছেন আবদুল গফুর সরকার।

এছাড়া নীলফামারী জেলার বর্তমান আহ্বায়ক কমিটিকে ২৩ এপ্রিল থেকে পরবর্তী এক মাসের মধ্যে সব পর্যায়ের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।