২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আ. লীগ নেতা খুন

সিলেটের ওসমানীনগর থানার এক ইউনিয়ন আওয়ামী লীগ এক নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শুক্রবার বিকাল ৪টায় ওসমানীনগরের মাদারবাজার মাধবপুর এলাকায় শশুর বাড়িতে জবেদ আলীর লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, জবেদ আলী (৫০) উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওসমানীনগর থানার ব্রাম্মণশাসন এলাকার প্রয়াত তহির উল্লাহর ছেলে। সপরিবারে শশুরবাড়িতে থাকতেন।

ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ জানান, শশুর বাড়িতে নিজ শয়নকক্ষে হাত-পা বাঁধা অবস্থায় জবেদ আলীর লাশ পড়েছিল।

ওই বাড়িতে তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন। বৃহস্পতিবার স্ত্রী ও মেয়ে এক আত্বীয়ের বাড়ি বেড়াতে যাওয়ায় বাড়িতে একা ছিলেন।

রাতের কোনো এক সময় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এঘটনায় সন্দেহভাজন এক প্রতিবেশীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।