তৃণমূল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
দল গোছানোর অংশ হিসেবে তিন সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। তিন সাংগঠনিক জেলা পঞ্চগড়, সৈয়দপুর ও নীলফামারীর নেতারা বৈঠকে অংশ নেন।
জেলা কমিটির নেতাদের পাশাপাশি ওই এলাকার বিভিন্ন উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জন নেতা মতবিনিময়ে অংশ নেন।
সাংগঠনিক কার্যক্রম, কমিটি গঠনসহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সৈয়দপুর জেলা সভাপতি আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলার আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী, সদস্য সচিব শামসুজ্জামান প্রমুখ অংশ নেন।
সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি দেয়ার আগে দলকে সংগঠিত করতেই তৃণমূল নেতাদের ঢাকায় এনে এই মতবিনিময় করছে বিএনপি।
সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই তিন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
