‘নাশকতাকারীদের’ জামিন দেয়ায় বিচারকের অপসারণ দাবি
গত সংসদ নির্বাচনকালে গাইবান্ধায় বিভিন্ন সহিংসতা ঘটনায় ‘জড়িতদের’ জামিন দেয়ার প্রতিবাদে এক জ্যেষ্ঠ বিচারিক হাকিমের অপসারণ দাবি করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ সহকারী জজ আদালত চত্বরের ফটকের সামনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ব ম নাহিদুজ্জামানের অপসারণ চেয়ে মানববন্ধনে অংশ নেয় আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
হামলাকারীরা পেট্রোল বোমা ছুড়ে ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের আহতও করে। এসব ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ১২টি মামলা হয়।
গত বুধবার এসব মামলার শতাধিক আসামিকে গোবিন্দগঞ্জ সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ব ম নাহিদুজ্জামান জামিন দেন।
এর প্রতিবাদে তারা অবিলম্বে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদুজ্জামানের অপসারণ দাবি করছেন।
মানববন্ধনকালে বক্ত্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত, সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা যুবলীগের সভাপতি তাহিদুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠাণ্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুলসহ অন্যরা।
