খালেদা-রওশনকে নববর্ষের কার্ড হাসিনার
বরাবরের মতোই বাংলা নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।
সেইসঙ্গে এবার বিএনপিবিহীন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকেও কার্ড পাঠিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, বুধবার বিকালে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন শুভেচ্ছা কার্ডগুলো পৌঁছে দেন।
খালেদার পক্ষে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত হুসাইন মুহাম্মদ এরশাদও পেয়েছেন প্রধানমন্ত্রী শুভেচ্ছা কার্ড।
আগামী সোমবার বাংলা নতুন বছর ১৪২১ সাল শুরু হবে। তার আগের সপ্তাহেই প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাদের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছালেন।
এদিকে এরশাদের প্রেসসচিব সুনীল শুভরায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জাতীয় পার্টি চেয়ারম্যানও শুভেচ্ছা কার্ড পাঠাবেন প্রধানমন্ত্রীকে, যা বৃহস্পতিবার পৌঁছে দেয়া হবে।
