২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা যখন চাইবেন, নির্বাচন তখনি: আনিসুল

বিএনপির দাবি প্রত্যাখ্যান করে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী পাঁচ বছর পরই নির্বাচন হবে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 10:29 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে জাতীয় পার্টির নেতা একথা বলেন।

আনিসুল বলেন, “সংবিধান ও গণতন্ত্রকে সমুন্নত রাখতেই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে। এখন মধ্যবর্তী নির্বাচন চাইলে তো হবে না। এ সরকার মেয়াদ পূর্ণ করে বা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে যখন চাইবেন তখন নির্বাচন হবে।”

তবে সংবিধানের মধ্যে থেকে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির নেতার আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জোটের সহিংসতার পরও সুশীল সমাজের নিরবতায় সমালোচনা করেন আনিসুল।

“সুশীল সমাজের কেউ তাদের বলেনি, নির্বাচনে যান। জনগণ দেখবে কেমন নির্বাচন হবে। সন্ত্রাস-বোমাবাজির পরও তারা কোনো দিন একথা বলেনি।”

সামরিক শাসক এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এই নেতা বলেন, তার দল গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচনে অংশ নিয়েছে।