‘ছাত্রলীগের জন্য দেশ ছাড়তে হবে প্রধানমন্ত্রীকে’
রাজশাহী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তর্কোন্দলে হত্যার অভিযোগ তুলে এর সুষ্ঠু বিচার না হলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল বলেন, “ছাত্রলীগের কর্মকাণ্ডের জন্য এর আগে প্রধানমন্ত্রী ছাত্রলীগের উপদেষ্টার পদ ছাড়েন। এবার এই সংগঠনটি (তাকে) যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই ধাক্কায় আপনার দেশে থাকা হবে কিনা সন্দেহ রয়েছে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।
ফাইল ছবি
রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, “সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। পাকিস্তান আমলেও এভাবে স্বাধীনতার পক্ষের মানুষের বিরুদ্ধে তৎকালীন সরকার মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু এর পরিণতি কি হয়েছে দেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি।”
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭১৫৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ওইসব মামলায় সন্ত্রাসী, দুর্নীতিবাজ, হত্যাকারী, নারী নির্যাতনকারীসহ ফাঁসির আসামিরা রয়েছেন। তাদের ছেড়ে দেয়া হয়েছে। এখন সেই সন্ত্রাসীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন ও তরুন প্রজন্মের নেতা তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। এভাবে এক দেশে দুই আইন চলছে।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেকে স্বপ্ন দেখছেন, ক্ষমতায় গেলে মন্ত্রী-এমপি হবো। আপনাদের এই স্বপ্ন বাদ দিতে হবে। এবার ক্ষমতায় গেলে আপনাদের ভোগ বাদ দিয়ে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।”
সংগঠনের সভাপতি মুখলেস তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সাবেক সাংসদ নিলোফার চৌধুরী মনি প্রমূখ বক্তব্য রাখেন।
