২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব কোর্ট মুজিব কোটে বন্দি’ বলায় গয়েশ্বরকে তলব

আদালতকে নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের একটি উক্তিকে অবমাননাকর মনে করায় তার ব্যাখ্যা দিতে এই বিএনপি নেতাকে তলব করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সোমবার হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ তলবের এই আদেশ দেয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে আগামী ২০ এপ্রিল আদালতে হাজির থাকতে হবে।

রোববার দুপুরে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের এক মানববন্ধন কর্মসূচিতে গয়েশ্বর বলেছিলেন, সব কোর্ট মুজিব কোটে বন্দি।

আদালত গয়েশ্বরের সঙ্গে ড্যাব সহসভাপতি অধ্যাপক এমএ সালাম ও মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকেও তলব করেছে।

আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তলবের পাশাপাশি তাদের কাছে এই প্রশ্নের জবাবও চেয়েছে হাই কোর্ট।

গয়েশ্বরের বক্তব্য সংবাদপত্রে দেখে স্বতপ্রণোদিত হয়ে আদালত এই আদেশ দিয়েছে।

আদেশের আগে আদালত দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করেন। ‘সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দী: গয়েশ্বর’ শিরোনামে প্রথম আলো এবং ‘দেশের সব কোর্ট এখন মুজিবকোটের পকেটে বন্দী ॥ গয়েশ্বর’ শিরোনামে জনকণ্ঠ সোমবার এই প্রতিবেদন ছাপে।

বিএনপি নেতাদের বিভিন্ন মামলায় কারাবন্দি করার প্রতিক্রিয়ায় দল বলে আসছে, আদালতের ওপর সরকারের প্রভাব কাজ করছে বলে তারা ন্যায়বিচার পাচ্ছেন না।

বিরুদ্ধে নয়, বলেছি আদালতের পক্ষে: গয়েশ্বর