বরগুনা বিএনপির ৩২ নেতা-কর্মী কারাগারে
জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার মামলায় বরগুনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২ নেতা-কর্মীর জামিন নাকচ করে সবাইকে কারাগারে পাঠিয়েছে আদালত।
পুলিশের কাজে বাধাদান, বাসে আগুন ও ভোট কেন্দ্র পোড়ানোর পৃথক পাঁচটি মামলায় বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন হাকিম মাসুম বিল্লাহ।
পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার জানান, আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার তাদের জামিনের মেয়াদ শেষ হয়। গ্রেপ্তার এড়াতে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন।
জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আবদুল খালেকসহ ৬০।
দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বছরের ২৫ নভেম্বর রাতে মিছিলকারী ১৯ দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরেই সদর ভূমি অফিসের সামনে রাখা একটি বাসে আগুন দেয়া হয়।
পুলিশের কাজে বাধাদান ও বাসে আগুন দেয়ার অভিযোগে ওই রাতেই বরগুনা থানার এসআই আবু জাফর বাদি হয়ে দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।
অন্যদিকে ভোটের দুদিন আগে গত ৩ জানুয়ারি বরগুনা সদর উপজেলার তিনটিসহ আটটি ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়।
এই ঘটনায় সদর থানার ওসি আজম খান ফারুকী বাদি হয়ে দ্রুত বিচার আইনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আসামি করে তিনটি মামলা করেন।
