উপজেলা নির্বাচন বাতিলের দাবি বিএনপির
উপজেলা নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়া হয়নি অভিযৈাগ করে এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, “উপজেলায় ডাকাতির নির্বাচন হয়েছে। একে কোনোভাবেই নির্বাচন বলা যায় না।
“আমরা দৃঢভাবে বলতে চাই, এই উপজেলা নির্বাচন বাতিল করা হোক। নির্দলীয় সরকারের প্রতিষ্ঠার পর ওই নির্বাচন করতে হবে।”
প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষ দুই পর্বের ফলে বিএনপিকে ছাড়িয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘরে তুলেছে আওয়ামী লীগ।
পাঁচ পর্ব মিলিয়ে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানের সংখ্যা ২৩১ জন। বিএনপির চেয়ারম্যানের সংখ্যা ১৬১ জন।
ফাইল ছবি
ক্ষমতাসীন আওয়ামী লীগ, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করলেও ব্যাপক কারচুপির অভিযোগ বিএনপির।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সত্যের বাংলাদেশ সত্যের শক্তি’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘সহিংস উপজেলা নির্বাচন, চলমান রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় নোমান উপজেলা নির্বাচনে সহিংসতার চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “উপজেলা নির্বাচনে যা হয়েছে, তাকে সহিংসতা বললে ভুল হবে। ভোটকেন্দ্রের বাইরে পুলিশ-র্যাব দিয়ে এমন বেষ্টনি করা হয়েছে, যাতে ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। অন্যদিকে কেন্দ্রে ভেতরে ক্ষমতাসীন দলের লোকজন ব্যালট পেপারে অবাধে সিল মেরেছে।’
“আমরা মনে করি, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্তে এই ভোট ডাকাতি হয়েছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নির্বাচন সম্ভব নয়, এর বড় প্রমাণ উপজেলা নির্বাচন। ’’
ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় বসে আওয়ামী লীগে দেশে গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা আকবর হোসেন ভুঁইয়া নান্টুর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, হৃদয় বাংলাদেশ এর সভাপতি মো. হানিফ, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক প্রমূখ বক্তব্য রাখেন।
