২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, তবে স্বাধীনতার ঘোষক ভাসানী’

জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরে তারেক রহমানের বক্তব্যের পর আলোচনার মধ্যে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্বাধীনতার ঘোষক দাবি করল নতুন একটি রাজনৈতিক দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 12:43 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

‘দেশপ্রেমিক জনগণের  মঞ্চ’ নামের এই দলের চেয়ারম্যান ম. ইনামুল হক মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “মওলানা ভাসানীই হচ্ছেন সর্বপ্রথম স্বাধীনতার প্রকাশ্য ঘোষক।”

পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে’ শীর্ষক আলোচনা সভায় তিনি দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন।

এতে বলা হয়, “বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে- এনিয়ে বিতর্ক হচ্ছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবেআমার মতে তিনি স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ১ মার্চ ১৯৭১ থেকে।”

এর ব্যাখ্যায় ইনামুল বলেন, ইয়াহিয়া খান ১ মার্চ এক বেতার ভাষণে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করলে পূর্ব বাংলার জনগণ তা প্রত্যাখ্যান করে এবং ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ স্লোগানে স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিল।

“ওই দিন থেকেই বাংলাদেশ কার্যত স্বাধীন হয়ে যায় এবং ক্ষমতা শেখ মুজিবের হাতে চলে আসে। এরপর তার বাসভবন থেকে আসা প্রজ্ঞাপন ও নির্দেশনার ভিত্তিতেই বাংলাদেশের সবকিছু চলতে থাকে।”

স্বাধীনতার ঘোষণার বিষয়ে ইনামুলের বক্তব্য, ১৯৭০ সালের ২৩ নভেম্বর পল্টনের এক জনসভায় ‘স্বাধীন পূর্ব পাকিস্তান ঘোষণা করেন’ ভাসানী।