‘খালেদা জিয়া খুনির মা, সন্ত্রাসের দেবী’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘খুনির মা’ এবং ‘সন্ত্রাসের দেবী’ আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় একথা বলেন।
খালিদ বলেন, “তারেক রহমান লুটেরা, একজন খুনি। খুনির মা খালেদা জিয়া সন্তানের পক্ষ নেবেন, এটাই স্বাভাবিক।”
তিনি বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় করিয়ে দিয়েছেন এই বেগম খালেদা জিয়া। এখন তিনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে নতুন করে সন্ত্রাস করছেন।” বিশেষ ট্রাইব্যুনাল করে খালেদা জিয়ার বিচারের দাবি তুলে খালিদ বলেন, “সন্ত্রাসের দেবীর বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।” তার আগে আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে তার ওপর নিপীড়নের কথা তুলে ধরেন।
“আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আজ্ঞাত স্থানে রেখে আমার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। এই অকথ্য অত্যাচারের ফলে আমার চোখ ও শ্রবণ শক্তির ক্ষতি হয়েছে। মস্তিষ্কের কঠিন রোগে আমি দিন কাটাচ্ছি।”
