লালবাগ দুর্গ দখল উচ্ছেদে বাধা দেয়ায় হাজি সেলিমকে নোটিস
লালবাগ দুর্গ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বাধা দেয়া বন্ধ করতে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে উকিল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিস পাঠান।
ঢাকার লালবাগ এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের পাশাপাশি এই নোটিস ঢাকার জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লালবাগ থানার ওসিকেও দেয়া হয়েছে।
ঐতিহাসিক লালবাগ দুর্গ রক্ষায় ২০১১ সালের ২৬ অক্টোবর হাই কোর্টের একটি রায়ের উল্লেখ করে এই নোটিস পাঠানো হয়েছে।
ওই রায়ে সংরক্ষিত এলাকা বলে ঘোষিত লালবাগ দুর্গের ভেতরের সীমানায় ও আশেপাশের সকল দখলদারকে উচ্ছেদ এবং স্থাপিত সকল স্থাপনা ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়।
গত ৩০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করে।
তবে স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিমের বাধা এবং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় উচ্ছেদকারী দল কোনো কাজ করতে পারেনি বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তি ধরে তাকে নোটিস পাঠান মনজিল মোরসেদ।
বিবাদীদের উদ্দেশে নোটিসে বলা হয়, “আপনারা খুব ভালো করেই হাই কোর্টের আদেশের বিষয়ে অবগত রয়েছেন এবং ইচ্ছা করেই রায় মানতে অস্বীকৃতি জানিয়েছেন, যা আদালত অবমাননার শামিল।”
২৪ ঘণ্টার মধ্যে হাই কোর্টের রায় বাস্তবায়নে সহযোগিতা না করা হলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মনজিল মোরসেদ।
