‘তাদের মাথা খারাপ হয়ে গেছে’
খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হতে না পারায় এখন সংসদ নিয়ে বিতর্কিত কথা বলছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির দুই সাংসদ।
রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে দলটির প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে অংশ না নিলেও বিএনপি ভুল বুঝতে পেরে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।
“বিএনপি নেত্রী সংসদে আসতে না পারায় ও বিরোধী দলীয় নেতা হতে না পারায় সংসদ নিয়ে বিতর্ক তৈরি করছেন। তাদের মাথা খারাপ হয়ে গেছে।”
সম্প্রতি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা যথাযথভাবে পালন করছে বলেও দাবি করেন তাজুল।
তিনি বলেন, “সরকারের ভালো কাজ করলে আমরা সমর্থন যেমন করি, ভুল করলে বা অন্যায় করলে তারও সমালোচনা করছি।”
জাতীয় পার্টি আগামী ৫ বছর পূর্ণ মেয়াদে বিরোধী দলে থাকবে বলেও জানান এই সাংসদ।
রাজনীতিকে কৌশলের খেলা উল্লেখ করে দলটি অপর সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, “এই খেলায় খালেদা জিয়া হেরে গেছেন তাই কথায় কথায় হুমকি দেন।
“উনার (খালেদা জিয়া) কথায় নির্বাচন করেছি? উনার কথায় চলি? না তার সাথে কোনো গোপন চুক্তি হয়েছিল।”
