২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা রফিকুলকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা দেয়া দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বক্তব্য দেয়ায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের গ্রেপ্তারের দাবিও জানান।

সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিএনপি চেয়াপারসনের বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক গত ২৬ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এর একদিন পর ঢাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে তার মা খালেদা জিয়াও একই দাবি করেন।

দলের চেয়ারপারসন ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের বক্তব্য সমর্থন করে শুক্রবার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে রফিকুল রফিকুল ইসলাম মিয়া বলেন, একাত্তরে স্বাধীনতা ঘোষণার পর থেকে মুজিবনগর সরকার গঠনের আগ পর্যন্ত ‘বাংলাদেশের নিয়ন্ত্রণ’ ছিল জিয়াউর রহমানের হাতে। কার্যত সে সময় তার হাতেই ছিল দেশের রাষ্ট্রপতির দায়িত্ব।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমান যে মিথ্যাচার শুরু করেছেন, তাতে মনে হচ্ছে তারা ক্ষমতায় এলে বলবেন, দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, বাংলাদেশ পাকিস্তানের অংশ।”

ইতিহাস বিকৃতিকারীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে দেয়া হবে না মন্তব্য করে তিনি খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা দেয়ায় দলটির নেতা রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

খালেদার আন্দোলনের হুমকির জবাবে নাজমুল বলেন, “বিএনপি আন্দোলনের নামে যে আস্ফালন দেখাচ্ছে তা শুনে দেশের মানুষ এখন হাসে। খালেদা জিয়ার উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণতন্ত্র ও সংগ্রাম সম্পর্কে শিক্ষা নেয়া।”

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেদেহী হাসান বলেন, ইতিহাস বিকৃত করে বক্তব্য দেয়াটা খালেদা জিয়া ও তার দলের অভ্যাসে পরিণত হয়েছে।

তিনি খালেদার গ্রেপ্তার দাবি করে বলেন, “বিভিন্ন ষড়যন্ত্রে ব্যার্থ হয়ে খালেদা এখন মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ এখন অনেক সচেতন। তারা সত্যটা জানে।”