সমর্থক খুন হওয়ায় জামায়াতকে দুষলো আহলে সুন্নাত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থক আবু সৈয়দের খুনীদের বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শনিবার বিকালে নগরীর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’ বলেও অভিযোগ করেন।
শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে স্থানীয় জামায়াত ইসলামীর কর্মী হাবিবুর রহমান (৫৫) গলায় ছুরি চালিয়ে খুন করে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থক মাওলানা আবু সৈয়দকে (৫৮)।
এঘটনার পর পর স্থানীয়রা হাবিবুরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকতার হোসেনের পক্ষে কাজ করায় আবু সৈয়দকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জামায়াত ইসলামী জড়িত অভিযোগ করে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে খুনের পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন বলে দলটির নেতারা দাবি করে আসছেন। বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কথাও গণমাধ্যম ও সমাবেশের মাধ্যমে জানিয়েছেন।
চট্টগ্রাম নগর ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদীর সভাপতিত্বে
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ জাকের হোসাইন, মুহাম্মদ গিয়াস উদ্দিন নেজামী, সৈয়দ মুহাম্মদ আবু আজম এবং মুহাম্মদ মুজিবুর রহমান।
