লক্ষ্মীপুরে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিযোগ তাহেরের ছেলের
উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরে যার বিরুদ্ধে সবার অভিযোগ, সেই এ কে এম সালাহ উদ্দিন টিপু দাবি করেছেন, তার প্রচারে বাধা দেয়া হচ্ছে, হুমকি দেয়ার হচ্ছে তাকে।
উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের দুদিন আগে শনিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এই চেয়ারম্যান প্রার্থী।
টিপু লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের মেজ ছেলে। তাহেরের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ রয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলায় টিপুর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন- বিএনপি সমর্থিত মাহমুদুল করিম দিপু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিউদ্দিন মুকুল ও আওয়ামী লীগের সাবেক নেতা ফিরোজ আলম।
দোয়াত-কলম প্রতীকের প্রার্থী টিপু জেলা শহরে তার নির্বাচন কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি সমর্থিত দিপুর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের পাশাপাশি সন্ত্রাসের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিমও ছিলেন।
টিপু বলেন, তার নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে দিপুর সমর্থকরা। দত্তপাড়া ও উত্তর জয়পুর ইউনিয়নে তার কার্যালয় ভাংচুর করা হয়েছে।
“দিপু পূর্বাঞ্চলের সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর, চরশাহী, দিঘলী এবং কুশাখালীসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।”
মান্দারী বাজারে টিপুর নির্বাচনী কার্যালয়ে দিপুর সমর্থকরা গুলি চালিয়েছে বলেও অভিযোগ করেন টিপু।
আগামী ৩১ মার্চ ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
টিপুর বিরুদ্ধে শুধু দিপুই নয়, মহিউদ্দিন মুকুলও সন্ত্রাস ও ভোটের প্রভাব বিস্তারের অভিযোগ করে আসছিলেন।
লক্ষ্মীপুরে বিএনপি সমর্থিত প্রার্থীকে ‘হত্যার হুমকি’
