ভোটে হারের কারণ আমরাই: আমু
উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের সংখ্যার হিসাবে ১৯ দলীয় জোট থেকে পিছিয়ে থাকার জন্য নিজের দলকেই দায়ী করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভায় আমু নিজেদের দায়ী করলেও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভোটের হিসেবে এগিয়ে থাকার তথ্য তুলে ধরেন।
ছয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে চার পর্ব শেষে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানের সংখ্যা ১৭৭। বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের ১৮৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু বলেন, “আমাদের পরাজয়ের কারণ আমরা নিজেই। ভোটের জন্য আমাদের পরাজয় হয়নি,বিদ্রোহী ক্যান্ডিডেটদের জন্য আমাদের পরাজয় হয়েছে।”
সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী আশরাফও বলেন, স্থানীয় সরকারের এই নির্বাচনের প্রথম ধাপে আওয়ামী লীগ ‘সুবিধা’ করতে পারেনি।
উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি থেকে পিছিয়ে ছিল। চতুর্থ পর্বে এককভাবে পেছনে পড়লেও জোটগতভাবে এগিয়ে আছে বিএনপি।
চাঁদপুরের শাহরাস্তির নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের সারি।
আমু বলেন, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে বিদ্রোহী প্রার্থী কমে যাওয়ায় আওয়ামী লীগের বেশি সংখ্যক নেতা জয়ী হয়েছে।
ভোটের হিসাব দেখিয়ে আশরাফ বলেন, চার পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৫১ শতাংশ, বিএনপি সমর্থিত প্রার্থীরা ৩৫ শতাংশ এবং জামায়াত সমর্থিত প্রার্থীরা ১৩ শতাংশ ভোট পেয়েছে।
“পঞ্চম দফা নির্বাচনের পর আওয়ামী লীগ ৫০ ভাগের বেশি ভোট পাবে।” আশরাফ দাবি করেন, এখন সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসন পাবে।
স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে কারচুপির অভিযোগ নাকচ করে আমু পাল্টা প্রশ্ন করেন, “আওয়ামী লীগ কারচুপি করলে জামাত সিট পায়?” কারচুপির অভিযোগের পেছনে ষড়যন্ত্র রয়েছে দাবি করে আশরাফ বলেন, “আওয়ামী লীগ হারলে হয় ভরাডুবি। আর, জিতলে হয় কারচুপি।
“পত্রিকাগুলো বলল, আওয়ামী লীগের ভরাডুবি। আমরা লজ্জিত হলাম। আমাদের বিপক্ষ উল্লেসিত হল। দ্বিতীয় ধাপে বলা হলো, টুকটাক কারচুপি হয়েছে। তৃতীয় ধাপে পত্রিকাগুলো কিছুটা উচ্চস্বর। চতুর্থ ধাপে বলা হলো, আওয়ামী লীগের বিপুল বিজয়, ভোট ডাকাতি, এজেন্ট বের করে দেয়া। এখানেই ষড়যন্ত্র।” স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ প্রসঙ্গে আশরাফ বলেন, “এই অনুষ্ঠন নিয়ে অনেকে হতাশ। যারা জাতীয় সংগীত গাওয়া নিয়ে বিদ্রুপ করে, তারা স্বাধীনতার পক্ষের শক্তি না।”
উপজেলা ভোট: চতুর্থ পর্বে বিএনপিকে ছাড়িয়ে গেল আ. লীগ
