২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আলোচনার দাবি খালেদার

দেশের বর্তমান অবস্থাকে ‘সংকটজনক’ দাবি করে আবারো অবিলম্বে আলোচনার মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভায় তিনি বলেন, “যতই দিন যাচ্ছে দেশের অবস্থা খারাপ হচ্ছে। জনগণ ভেতরে ভেতরে ক্ষুব্ধ হচ্ছে। এখনো সময় আছে, বিলম্ব না করে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা করুন।

তা নাহলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীতাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীররোত্তম’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

খালেদা জিয়া তার পৌনে একঘণ্টার বক্তৃতায় দেশের বর্তমান পরিস্থিতি, দুর্নীতি-দুঃশাসন, আইনশৃঙ্খলা, মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থা ও দশম সংসদসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

দশম সংসদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “ভোটার ও প্রার্থীবিহীন নির্বাচনে যে সংসদ ও সরকার গঠন হয়েছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। এই সংসদ অবৈধ ও সরকারও অবৈধ। সংসদে কোনো বিরোধী দল নেই।

“রওশন এরশাদ ভোটে নির্বাচিত হননি। তিনি (রওশন এরশাদ) ইতিমধ্যে স্বীকার করেছেন, তাকে জোর করে নির্বাচনে নেয়া হয়েছে। হয়ত আগামীতে চাপ আসলে তিনি কেন নির্বাচনে গেছেন, তার ভেতরের কথা বেরিয়ে আসবে।”

গত বছরের ২৯ ডিসেম্বরে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি বিষয়ে খালেদা জিয়া বলেন, “আমি অনেকবার গৃহবন্দি হয়েছি। কিন্তু ২৯ ডিসেম্বর এই সরকার যেভাবে আমাকে বন্দি করে রেখেছিল, তা ছিল নজিরবিহীন।”

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান ও র‌্যাব-পুলিশ দিয়ে নির্যাতনসহ সরকারের দমননীতির সমালোচনা করেন বিএনপি প্রধান।

তিনি বলেন, “তারা চায় এদেশটাকে অন্য দেশের মুখাপেক্ষী করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে। এজন্য বিএনপিকে তারা ধ্বংস করে দিতে ষড়যন্ত্র করছে।”

দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কখনোই ওই ষড়যন্ত্র সফল হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় ৫ জানুয়ারি নির্বাচনে না যাওয়া সঠিক সিদ্ধান্ত ছিল দাবি করে এর পক্ষে যুক্তি তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “আওয়ামী লীগের অধীনে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এর বড় প্রমাণ ৫ জানুয়ারি নির্বাচন এবং উপজেলা নির্বাচন। প্রথম দফা নির্বাচনে বিএনপি ভালো করেছিল- এটা দেখে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে রাতেই ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সীল মেরে বাক্স ভর্তি করেছে।”

স্বাধীনতাবিরোধীদের বিচার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে খালেদা বলেন, “মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছেন, তাদের বিচার হওয়া উচিৎ।”

সারাদেশে ‘চলমান গুম-হত্যা’কে মানবতাবিরোধী অপরাধ অভিহিত করে তিনি বলেন, “একদিন এসব অপরাধের জন্য আওয়ামী লীগকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

“সরকারকে বলব, গুম-হত্যা-খুন বন্ধ করুন। এসব থেকে দেশকে রেহাই দিন। জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না। কত গুলি করবেন। আর বাধা দিয়ে জনগণকে রুখতে পারবেন না।”

ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “অন্য দেশের কাছে দেশকে বিকিয়ে দেয়ার জন্য সরকার অনেক চুক্তি করেছে। সংসদেও তা আলোচনা হয়নি, দেশবাসী জানে না।

“বিএনপি ক্ষমতায় আসলে এসব চুক্তি থাকবে না। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, কারো সহায়তা নিয়ে আজীবন ক্ষমতায় থাকা যাবে না।”

জাতীয় সঙ্গীত পরিবেশন দিয়ে সভার শুরুর পর মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠ ও বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ও বিএনপির ওপর বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়ারউর রহমান বীরোত্তমকে বিশেষ সন্মাননা পদক প্রদান করা হয়। একইসঙ্গে প্রধান অতিথি মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্মননা দেয় সংগঠনটি।

এছাড়া বিবিসি‘র তৎকালীন সাংবাদিক সিরাজুর রহমান, জেড ফোর্সের মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন আবদুল হাই বীর প্রতীক ও আবুল হাশেম বীর বিক্রম, ২ নং সেক্টারের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলমতাজ বেগম ছবিকে সন্মাননা পদক দেয়া হয়।

এদের মধ্যে ক্যান্সার আক্রান্ত আলমতাজ ছবি ও  রিকশা চালক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাকে এক লাখ টাকার নগদ অর্থও দেন খালেদা জিয়া।