টোল বাতিল না হলে আন্দোলন: বিএনপি
সেতুর পাশাপাশি সড়কে টোল আরোপের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি।
মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই হুমকি দেন।
তিনি বলেন, “সড়ক ও সেতুতে টোল আদায় করার মন্ত্রিসভার সিদ্ধান্ত জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ এর মতো অবস্থা সৃষ্টি করবে। এর ফলে সকল গণপরিবহনের ভাড়া বাড়বে, বাড়বে পণ্যের মূল্য।
“জনগণের দুর্ভোগ-দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের জোর দাবি জানাচ্ছি। তা না হলে জনগণ তীব্র গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”
জাতীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের মহাসড়কগুলোকে টোলের আওতায় এনে সারাদেশের সড়ক কাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ‘টোল নীতিমালা ২০১৪’ খসড়া সোমবার অনুমোদন করে মন্ত্রিসভা।
সালাউদ্দিন বলেন, “সাইকেল, রিক্সা, ভ্যানগাড়িকেও টোল আদায়ের আওতাভুক্ত করে সরকার সম্পূর্ণভাবে গরিব মারার নীতিই অবলম্বন করল।”
তিনি বলেন, এই সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে সরকার প্রমাণ করল, জনগণের মতামতের বিন্দুমাত্র মূল্যও এই সরকার কাছে নেই।
