২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন করা হচ্ছে না কাদের সিদ্দিকীর

টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনে অংশ নিতে নির্বাচনকমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে গিয়েও বিফল হয়েছেন কাদের সিদ্দিকী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:04 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

প্রার্থিতা বাতিল করে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতির রিট আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ।

আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ২৯ মার্চ উপনির্বাচন হচ্ছে।

বিএনপির সঙ্গে দশম সংসদ নির্বাচন বর্জন করলেও এই উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মন্ত্রী লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী।

তবে ঋণ খেলাপি হওয়ায় কারণ দেখিয়ে গত ২৬ ফেব্রুয়ারি তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর ইসিতেও তার আপিল খারিজ হয়।

তারপরই হাই কোর্টে রিট আবেদন করেছিলেন এক সময়ের আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী, মঙ্গলবার তাও খারিজ হয়ে গেল।

ওই আসনে জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু সাঈদ মিঞার আপিলও ইসি খারিজ করে। এই দুজনের মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

শওকত মোমেনের ছেলে অনুপম শাজাহান এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। এছাড়া প্রার্থী রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক ও ডা. লিয়াকত আলী।

নির্বাচনী লড়াইয়ে কাদের সিদ্দিকী