২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের চেয়ে শান্তিপূর্ণ ভোট: আওয়ামী লীগ

আগের তিনটির চেয়ে চতুর্থ পর্বের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 08:41 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটের সময় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যান নিহত হওয়ার পর মহাসড়কে এলাকাবাসীর বিক্ষোভ। মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটের সময় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যান নিহত হওয়ার পর মহাসড়কে এলাকাবাসীর বিক্ষোভ।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজমেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজমেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলছে।

৪৬ উপজেলায় ভোটকেন্দ্র দখল হয়েছে: বিএনপি

কিছু সহিংসতা, কিছু গোলযোগ: ইসি

৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটগ্রহণের পর রোববার দলের ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

বিক্ষিপ্ত গোলযোগের মধ্যদিয়ে শেষ হওয়া এই ভোটে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী ও কুমিল্লায় সংঘাতে চারজন নিহত হয়েছেন। ব্যালট বক্স ছিনতাই হয়েছে বিভিন্ন স্থানে।

উপজেলায় প্রথম পর্বের ভোটে সহিংসতায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দ্বিতীয় পর্বে একজন এবং তৃতীয় পর্বে দুজন মারা যান।

ব্যাপক পদক্ষেপ নেয়ার পরও চতুর্থ পর্বের ভোটে ‘কিছু’ সহিংসতা ও গোলযোগ   হয়েছে বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।  তবে বিএনপি বলছে, ৪৬ উপজেলায় ব্যাপক কারচুপি হয়েছে।

এইচ টি ইমাম বলেন, “এবার খুব একটা ঘটনাবহুল কিছু হয়নি। আগে আপনারা (সাংবাদিক) বলেছিলেন, তৃতীয় দফায় অনেক সংঘর্ষ হয়েছে।

“কিন্তু দেখেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকা সত্ত্বেও কত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে।”

সংঘাত এড়াতে যেখানে জটলা ছিল, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

কেন্দ্র দখলের মহোৎসব চলেছে বলে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, “বিএনপি পেশাদারি মিথ্যাচার করছে। কাজ নেই, অফিসে বসে অনর্গল মিথ্যা কথা বলে।”

এইচ টি ইমাম বলেন, “সব কিছু মিলিয়ে সার্বিকভাবে নির্বাচন বেশ ভালোভাবে হয়েছে, সন্তোষজনক হয়েছে।”

‘অত্যন্ত কঠোর ও শক্ত হাতে’ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করায় নির্বাচন কমিশনকে অভিনন্দনও জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে কি না- জানতে চাইলে ইমাম বলেন, বিচারিক ক্ষমতা নয় তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা উপ-সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।