২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরনের অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’

বরিশাল সদর আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 04:22 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে চিকিৎসকদের উদ্ধৃত করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম।

বরিশালের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হিরন শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় এনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে হিরনের মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছে।

“মাথায় অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না।”

ক্ষমতাসীন দলের এই নেতাকে সিঙ্গাপুরে নিতে চান পরিবারের সদস্যরা। তবে ২৪ ঘণ্টা পেরুলে অবস্থা বুঝে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আফজাল।

শনিবার রাতে বরিশাল ক্লাবে বসে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন হিরন। সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ওই হাসপাতালের চিকিৎসক রনজিৎ খাঁ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তিনি (হিরন) মেঝেতে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়।”

অবস্থা গুরুতর হওয়ায় রাতেই হিরনকে ঢাকায় পাঠানো হয়।