ব্যবসার জন্য চাই ‘বৈধ’ সরকার: আমীর খসরু
চট্টগ্রামে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ‘বৈধ’ সরকার ও বিরোধী দল ছাড়া অর্থনীতিসহ সব ক্ষেত্রে অগ্রগতি সম্ভব নয়।
শনিবার বিকালে নগরীর এম এ আজিজ সংলগ্ন জিমনেসিয়ামে বিজিএমইএ আয়োজিত কাফেক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুষ্ঠু বিনিয়োগ চাইলে তা কোনো ‘স্বৈরাচারের’ মাধ্যমে সম্ভব নয়।
“এর মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না। এর জন্য দেশে বৈধ সরকার ও বৈধ বিরোধীদলের প্রয়োজন।”
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা অনুষ্ঠানে বিএনপিকে ‘বিরোধী দল’ সম্বোধন করলে
পরিণাম হবে ভয়াবহ: আমির খসরু
আমীর খসরু টিআইবির মত তুলে ধরেন।
“তাদের জরিপে সংসদে কোনো বিরোধী দল নেই বলে উঠে এসেছে। এদেশে আসলেই কোনো সরকার আছে নাকি। সুতরাং বিরোধী দল না থাকলে সরকারও নেই।”
বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দল কারা প্রশ্ন রেখে তিনি বলেন, “যেখানে দেশের মানুষ ভোট দেয়নি, সংসদ যেখানে নির্বাচিত নয়, সেখানে বিরোধী দল থাকতে পারে না।
“বিরোধী দল আছে জেলখানায়, আদালতে, পুলিশ-র্যাবের গুলির মুখে। প্রতিনিয়ত তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফজলুল হক।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম মান্নান কচি, পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।
গত বৃহস্পতিবার তৈরি পোশাক ও সংশ্লিষ্ট মেশিনারিজের প্রদর্শনী কাফেক্সপোর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
