২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের ঘোষণা দেয়ায় খালেদার বিরুদ্ধে অভিযোগ: নোমান

উপজেলা নির্বাচনের পর আন্দোলনের ঘোষণা দেয়ায় দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 07:40 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার বিকালে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে একথা বলেন তিনি।

নোমান বলেন, “বিএনপিকে দুর্বল করতে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মামলাগুলো গতি লাভ করছে এবং মীর্জা ফখরুল ইসলামসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।”

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতা।

প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে অভিযোগ করে এসব লাশের অধিকাংশই বিএনপি নেতাকর্মীদের বলেও দাবি করেন তিনি।

নোমান বলেন, “জনগণের মাঝে বিশ্বাস এসব গুম হত্যার পিছনে সরকারের হাত রয়েছে।”

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচির অংশ হিসেবে নগরীতে কালো পতাকার মিছিল ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দল।

সংগঠনের সাধারণ সম্পাদক এস কে খোদা তোতনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, এমএ সবুর ও আবদুস ছাত্তার।