২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন মিনু

পুলিশ হত্যা চেষ্টা মামলায় দুই দিন জেলে থাকার পর রাজশাহীর মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 03:38 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার দুপুরে তার আবেদনের শুনানি শেষে বিচারক আশরাফুল ইসলাম জামিন মুঞ্জুর করেন।

আইনগত প্রক্রিয়া শেষ হলে সন্ধ্যা নাগাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এই মেয়র মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী মোজাম্মেল হক।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে এই বিএনপি নেতাকে কারাগারে পাঠান বিচারক বিশ্বনাথ মণ্ডল।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, ২০১১ সালের ৪ জুন মিনুর নেতৃত্বে ভূবন মোহন পার্ক থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। ওই মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয় এবং বোয়ালিয়া মডেল থানার তখনকার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন।

এছাড়া পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান ওই হামলায় আহত হন। মিছিলকারীরা সাহেববাজার এলাকায় ভাংচুর চালায়।

এসব ঘটনায় বোয়ালিয়া থানায় সাড়ে তিনশ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই জাহাঙ্গীর আলম।

মামলাটির তদন্ত শেষে চলতি বছর ৪ ফেব্রুয়ারি মিনু ও মেয়র বুলবুলসহ ১৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পুলিশ হত্যা চেষ্টার মামলায় মিনু কারাগারে