২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদ আর নয়, এখন থেকে প্রতিরোধ: গয়েশ্বর

সরকারের ‘দমননীতির’ বিরুদ্ধে প্রতিবাদের বদলে এখন থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 08:44 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন,  “নেতা-কর্মীদের বলব, চড় মারলে গাল পেতে দেয়ার সময় আর নেই। এখন থেকে প্রতিবাদ করা বন্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

১৯ দলীয় জোটসহ সমমনা সব রাজনৈতিক দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান গয়েশ্বর।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ১৯ দলের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

গয়েশ্বর বলেন, “আজ আমরা সবাই বৃহৎ কারাগারে বন্দি। গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। দেখা যাবে দুইদিন পর আমাকেও কারাগারে নিয়ে যাওয়া হবে।”

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিন বাতিল করে দেয়ার পর রোববার ফখরুলসহ বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠায় আদালত। এছাড়া অর্থ পাচারের আরেকটি মামলায় গ্রেপ্তার খন্দকার মোশারফকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, “সরকার দুর্বল বলেই রাতের অন্ধকারে মানুষজনকে গুম করে বিনাবিচারে হত্যা-খুন এবং বিরোধী নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে। এতে বিরোধীরা নয়, সরকারই মহা-সংকটে পড়ছে।’’

উপজেলা নির্বাচন এখন সরকারের ‘উপরি জ্বালা’ হয়ে দেখা দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের তিনটি পর্ব মিলিয়ে বিএনপি ও শরিক দলের সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়ে ইংগিত করে গয়েশ্বর বলেন, উপজেলা নির্বাচনের ছয় দফা শেষ হলে সরকারের সঙ্কট ‘পরিপূর্ণতা’ পাবে।

তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

সম্প্রতি আদালত অবমাননার দায়ে প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমান খানকে উচ্চ আদালতের দেয়া সাজার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন,  “কয়েকদিন আগে যিনি ‘মিনিটে একটি জামিনের’ সমালোচনা করে প্রবন্ধ লিখেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন বাতিলে সেই মিজানুর রহমান খানেরই বেশি খুশি হওয়ার কথা।’

“জামিন দেয়া না দেয়া সম্পূর্ণ বিচারকের এখতিয়ার। প্রথম আলোর এই ধরনের আর্টিকেল দেশকে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করে।”

গয়েশ্বর মনে করেন, এই সরকারের আমলে বাইরে থাকার চেয়ে কারাগারে থাকা তুলনামূলকভাবে বেশি নিরাপদ।

“যারা কেন্দ্রীয় কারাগারে আছেন, তারা ছোট কারাগারে। সেখানে আর যাই হোক নিরাপত্তা আছে। কিন্তু যারা ওই কারাগারের বাইরে আছি, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। কখন রাতের অন্ধকারে গুম করে নিয়ে হত্যা করে।’’

এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির চেয়ারম্যান মোবিন আহমেদ, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি আলোচনা সভায় বক্তব্য দেন।