জিজ্ঞাসাবাদ শেষে খন্দকার মোশাররফ কারাগারে
অর্থপাচারের মামলায় দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সাবেক এই মন্ত্রীকে গত ১২ মার্চ গ্রেপ্তারের পরদিন আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়েছিলেন দুদক কর্মকর্তা।
তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর রোববার মোশাররফকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আনা হয়।
অর্থ পাচারের এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আহসান আলী বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন সানাউল্লাহ মিয়া, বোরহান উদ্দিনসহ বিএনপি সমর্থক আইনজীবী নেতারা।
শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিনের আবেদন নাকচ করে মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় হাই কোর্ট থেকে জামিন নিলেও আপিল বিভাগ তার কার্যকারিতা স্থগিত করার পর মোশাররফ গ্রেপ্তার হন।
দুদকের অভিযোগ, মোশাররফ ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে অবৈধভাবে অর্জিত অর্থ পাচার করে যুক্তরাজ্যের একটি ব্যাংকে জমা করেন।
তবে এই অর্থ অবৈধভাবে অর্জিত ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয়নি বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার মোশাররফ।
তার দাবি, ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত লন্ডনে উচ্চতর ডিগ্রি অর্জনের সময় তিনি যে অর্থ আয় করেছিলেন, তা যুক্তরাজ্যের পুঁজিবাজারে বিনিয়োগ করেন। ওই অর্থই এত বছরে প্রায় সাড়ে ৯ কোটি ডলার হয়েছে।
