২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ এক অদ্ভুত সংসদ: মাহবুব

দশম জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সরকারে থাকা নিয়ে কটাক্ষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, এ এক ‘অদ্ভুত’ সংসদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 05:53 PM

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “দশম সংসদ একদলীয়, এখানো কোনো বিরোধী দল নেই।

“শুনেছি, বিরোধী দলীয় একজন নেত্রী আছেন। তারা আবার সরকারেও আছেন। এক অদ্ভুত সংসদ এটি, যা অচিন্তনীয়।”

দেশের বর্তমান অবস্থাকে ‘সংকটজনক’ অভিহিত করে উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।

রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মাহবুবুর রহমান অভিযোগ করেন, ‘ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের’ মাধ্যমে যে সরকার এখন ক্ষমতায় আছে, তারা ‘মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে’ সরে গেছে।

“মুক্তিযুদ্ধের চেতনা ছিলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা। আজ দেশে কোনো গণতন্ত্র নেই। কেবল তাই নয়, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও হিংসা-প্রতিহিংসায় বিরোধী দলকে দাবিয়ে রাখা হচ্ছে।”

এই বিএনপি নেতা বলেন, “মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও জিয়াউর রহমান-এই তিনটি নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে।”

সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়–য়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল শাহীন ও জিয়া সেনার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বক্তব্য রাখেন।