বাগমারার চেয়ারম্যান জিয়া বিএনপি থেকে বহিষ্কৃত
দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে রাজশাহী জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডিএম জিয়াউর রহমান জিয়াকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বাগমারা উপজেলার বর্তমান (বিদায়ী) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া এ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও।
জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তাফা জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশ জিয়াউর রহমানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে তার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়। দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠির অনুলিপি জেলা কমিটির সভাপতি/সম্পাদক ছাড়াও দলের যুগ্ম-মহাসচিব ও রাজশাহীর বিভাগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিনু এবং নির্বাচন সমন্বয়ক ও দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন-অব-রশিদের কাছে পাঠানো হয়েছে।
বাগমারা উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক মকলেছুর রহমান মন্ডলকে দলীয় সমর্থন দেয়া হয়।
আগামী ২৩ মার্চ এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
