২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি ‘জেগে ঘুমাচ্ছে’: বিএনপি

উপজেলা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের অনিয়ম দেখেও নির্বাচন কমিশন নির্লিপ্ত বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

চতুর্থ উপজেলা নির্বাচনে দুই দফা পর্যন্ত এগিয়ে থাকা বিএনপি তৃতীয় দফা ভোটের আগে বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে।

ইসিকে সরকারের আজ্ঞাবহ বলে আসা বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন,নির্বাচন কমিশনের দায়িত্ব ও ক্ষমতা প্রধানমন্ত্রী তার ‘ইচ্ছাধীন’ করে রেখেছেন।

“এই কারণে উপজেলা নির্বাচনে সরকারি দলের সীমাহীন তাণ্ডবে তারা জেগে জেগে ঘুমাচ্ছে। যেমন সরকার তেমন তার বিশ্বস্ত পার্শ্বচর।”

উপজেলায় আগামী ১৫ মার্চ তৃতীয় দফা, ২৭ মার্চ চতুর্থ ও ৩১ মার্চ পঞ্চম দফা ভোটগ্রহণ হবে। দুই পর্বে অধিকাংশ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল এগিয়ে আছে।

রিজভী অভিযোগ করেন, নেত্রকোনা সদর, ঝিনাইদহের হরিণাকুন্ড, শরীয়তপুর সদর, ভোলার মনপুরা, পিরোজপুরের মঠবাড়ীয়া, ভাণ্ডারিয়া উপজেলায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীরা তাণ্ডব চালাচ্ছে।

বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের ভয়ভীতি দেখানো, প্রচারে বাধা দেয়া হচ্ছে বলেও তার অভিযোগ।

এসব অভিযোগ নির্বাচন কমিশনকে জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন রিজভী।

“অভিযোগের কোনো প্রতিকার তো পাচ্ছিই না, উল্টো এই নির্বাচন কমিশন দখলকৃত ভোটকেন্দ্রের জাল ভোটের ফলাফল ঘোষণা করে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করছে।”

এগিয়েই থাকল বিএনপি