‘বক্তৃতা- আলোচনা সভা করলে সরকার ক্ষমতা ছাড়বে না’
সরকারবিরোধী আন্দোলনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশালী ফ্যাসিস্ট সরকার করেছে। এই সংসদে কোনো বিরোধী দল নেই। সরকারের কোনো জবাবদিহিও নেই।”
সরকারবিরোধী আন্দোলনের জন্য ছাত্রদল নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছাত্রদলের নেতা-কর্মীদের বলব, বক্তৃতা ও আলোচনা সভা করলে এই সরকার ক্ষমতা ছেড়ে দেবে না। তাদের হটাতে হলে গণআন্দোলন ছাড়া কোনো বিকল্প পথ নেই। সেই আন্দোলনের জন্য তোমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।”
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘অষ্টম কারাবন্দি দিবস’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে।
২০০৭ সালের ৭ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি, চাঁদাবাজিসহ কয়েকটি মামলায় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি লন্ডনে চলে যান।
তারেকের গ্রেপ্তারের সেই দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।
আলোচনা সভা শুরুর আগে তারেক রহমানের কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। ‘দ্য পলিটিক্যাল থট অব তারেক রহমান’ শীর্ষক ১০ মিনিটের ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছে ‘কেমব্রিজ বাংলাদেশ পলিসি ফোরাম’ নামের একটি সংগঠন।
ছাত্রদলের সহসভপতি এ বি এম পারভেজ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তব্য দেন।
এছাড়া যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির আলোচনা সভায় বক্তব্য দেন।
