গোপালগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিশুকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কোটালীপাড়া উপজেলা শাখা।
সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার বাড়ৈ, ছাত্র বিষয়ক সম্পাদক ফনিভূষণ হালদার, উপজেলা কমিটির সভাপতি তুষার কান্তি গাইন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে মান্দ্রা গ্রামের সেকেন্দার শেখের ছেলে সোহাগ শেখ (২০) ধরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।
