‘ইতিহাস স্বীকার না করায় বক্তব্য নেই খালেদার’
ঐতিহাসিক ৭ মার্চে কোনো বক্তব্য না দেয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসের অনন্য দিন ৭ মার্চ উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় ইনু বলেন, “এই ঐতিহাসিক দিনে তিনি (খালেদা জিয়া) কোনো বক্তব্য দেন না-দিবেনও না। কারণ তিনি বাংলাদেশের ইতিহাস স্বীকার করেন না।”
বিএনপি প্রধান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, “ইতিহাসকে কালো পতাকা দিয়ে ঢেকে দিয়েছেন আপনি।”
খালেদা জিয়াকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যু্দ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ুন। ওই সঙ্গ না ছাড়লে আপনার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।”
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন’ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সুদীর্ঘ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানের জনসভায় স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঐতিহাসিক এ দিবসে পৃথক বাণী দিয়েছেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “বর্তমানে আমরা নতুন পথের যাত্রী। এই যাত্রায় জঙ্গিবাদকে বর্জন করেই সামনে এগোতে হবে।
“আপনি (খালেদা জিয়া) যদি জঙ্গিবাদ ছাড়তে না পারেন তাহলে আপনাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে এ দেশের জনগণ।”
সাংবাদিক আবেদ খান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
