২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় জনগণ সরকারকে ‘না’ জানিয়ে দিয়েছে: ফখরুল

উপজেলা নির্বাচনে ১৯ দল সমর্থিতদের জয়ী করার মাধ্যমে জনগণ সরকারের ওপর তাদের অনাস্থার প্রকাশ ঘটিয়েছে বলে দাবি করেছেন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন নির্বাচন করে সরকার এখন জোর গলায় চিৎকার করে বলছে- আমরা ৫ বছর ক্ষমতায় থাকব।

“সরকার যতই বলুক না কেন, উপজেলা নির্বাচনে জনগণ বলে দিচ্ছে, আমরা তোমাদের পছন্দ করি না। তোমরা বিদায় হও।”

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার হটাতে আন্দোলনের প্রস্তুতি নিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির মুখপাত্র।

সিনিয়র জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারাবন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেকের ওপর নির্যাতনের কথা তুলে ধরে ফখরুল বলেন, “তিনি এখন বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। দেশে ফিরে আসার কোনো পরিবেশ নেই।  সেখানে বসেই তিনি দেশের জনগণের কথা চিন্তা করছেন।”

তারেকের বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে দাবি করে তিনি বলেন, “অর্থ পাচার মামলায় আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছে। সেজন্য ওই আদালতের বিচারককে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।”

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট’ প্রতিবেদন উল্লেখ করে বিএনপি নেতা বলেন,“এতেও সরকারের কোনো শরম নেই। তারা বেশরম, বেলাজ। এদের চামড়া এতই মোটা যে কোনো  বিদেশি সংস্থা কী প্রতিবেদন দিল, তাতে তাদের কিছু আসে যায় না।”

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইনের শাসনের বিভিন্ন সূচকে বাংলাদেশ পিছিয়ে গেছে।  দেওয়ানি বিচার ব্যবস্থার সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯ দেশের মধ্যে ৯২তম।

‘দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট’র প্রতিবেদনে বিচার ব্যবস্থায় দুর্নীতির পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপের কথাও বলা হয়েছে।

সরকারের নিপীড়ন-নির্যাতনের সমালোচনা করে ফখরুল বলেন, “বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না। আমরা ২৫ ফেব্রুয়ারি পিলখানার আলোচনা সভার অনুমতি চেয়েও পাইনি। রাজবাড়ীতে জনসভার অনুমতি দেয়া হয়েছে ১২ ঘণ্টা আগে।

“এভাবে দেশ চলতে পারে না। এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে দেশে গণতন্ত্রকে রক্ষা করা যাবে না।”

গত তিন মাসে শুধু ঢাকায় ২২ জনকে ‘গুম’ করা হয়েছে দাবি করে তিনি বলেন, “ছাত্রদলের দক্ষিণ খানের যুগ্ম সম্পাদক মুন্নার বাবা এসেছিলেন আমার কাছে। তার ছেলেকে গত ১২ ডিসেম্বর সাদা পোশাকের সদস্যরা গাড়িতে তুলে নিয়ে যায়। মুন্নার বাবা-মা তাকে খুঁজে না পেয়ে কাঁদছে। সারাদেশে এরকম অনেক অভিভাবক-স্বজনরা কাঁদছেন।”

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা আন্দালিব রহমান পার্থ বলেন, “আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রমাণ করে তারা কসাই লীগ। তারা গণতন্ত্রকে অতীতেও হত্যা করেছে, এখনো করছে।”

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাসির উদ্দিন অসীম, গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক পিয়াস করীম,কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন প্রমুখ।