২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুলাঙ্গারদের’ বিষয়ে কঠোর হতে বললেন ইনু

কিছু ‘কুলাঙ্গার’ ছাত্রসংগঠনের নামে ‘টেন্ডারবাজি’ করছে, ক্যান্টিনে খেয়ে টাকা দিচ্ছে না এবং রগ কাটছে মন্তব্য করে এদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে আইনের আওতায় আনতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 05:04 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজে তিনদিনব্যাপী “জাতীয় আন্তঃকলেজ পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০১৪” এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “ওদের ব্যাপারে আমি বিরক্ত।ওদের ব্যাপারে কঠোর হতে হবে।

“যারা এমনটি করছে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গলাধাক্কা দিয়ে বের করে জেলে ঢোকাতে হবে।”

মন্ত্রীর এ বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী করতালি দিয়ে স্বাগত জানায়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু কোনো ছাত্র সংগঠনের নাম উল্লেখ না করলেও গত পাঁচ বছরে বিভিন্ন সময়ে টেন্ডার সন্ত্রাসের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।

আর রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের প্রতিপক্ষ সংগঠনের কর্মীদের রগ কেটেছে, যেসব ঘটনায় বহু মামলাও হয়েছে।

কোনো দলের বা নেতার ‘লাঠিয়াল’ না হয়ে, কাউকে ‘অন্ধ অনুকরণ’ না করে বরং যুক্তি দিয়ে সব কিছু বিশ্লেষণ করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের মতামত তুলে ধরে দেশের কল্যাণের কথা চিন্তা করতে হবে।”

মন্ত্রী অনুষ্ঠানে গল্পচ্ছলে বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়েও শিক্ষার্থীদের উপদেশ দেন।

তিনি বলেন, “নবীজী যুদ্ধে অংশগ্রহণের কিছু শর্ত দিয়েছিলেন। তিনি বলেছেন যুদ্ধে গেলে শিশু হত্যা, নারী নির্যাতন, বৃদ্ধ মানুষের ওপর অত্যাচার, পুরোহিতদের ওপর হামলা, ধর্মীয় উপাসনালয়ে হামলা ও গাছ কাটা যাবে না।”

গত বছর হেফাজতে ইসলামের কর্মসূচি এবং বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ দেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলে, “রাজনীতির নামে সড়কে গাছ কেটে ফেলে পরিবেশ ধ্বংস করা হয়েছে।”

শিক্ষার্থীদের মন্ত্রী বলেন, পরিবেশ মায়ের মতো সবাইকে আঁচল দিয়ে ঢেকে রাখে। এই পরিবেশ যারা ধ্বংস করতে চায়- তাদের প্রতিহত করতে হবে।

“আইলা সিডরের মতো বাংলাদেশকে জঙ্গিবাদ এখন ধাক্কা মারছে। এ থেকে দেশকে রক্ষা করতে হবে।”

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “নারীরা স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য সম্ভ্রম ও প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছে।

“আরেকটি ব্যাপার খেয়াল করার মতো- তা হলো কোনো রাজাকার আলবদর নারী নয়।”

এই বক্তব্যের সময় শিক্ষার্থীরা হাত তালি দিলে মন্ত্রী বলেন, “সবাই একসঙ্গে বলো- ‘বালক বল, বালিকা বল কেউ কারো ছোট নয়, কেউ কারো বড় নয়।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও এ সময় একসঙ্গে ওই বাক্য উচ্চারণ করে।

ইনু এ সময় হাসতে হাসতে বলেন, “তারপরও যদি বালকরা এদিক সেদিক করে, তাদের নাকে ঘুষি দিয়ে দেয়া যেতে পারে।”

রাজনৈতিক আদর্শ ও নেতা নির্বাচন নিয়েও শিক্ষার্থীদের উপদেশ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

“রাজনীতিবিদদের সবাই গালাগাল করে, টিটকারি করে…। আদর্শ একটা তীরের মতো। এই তীর দিয়ে লক্ষ্যভেদ করতে হলে ধনুক প্রয়োজন। এ ধনুকের নাম রাজনীতি।”

যে ধনুক ‘টেন্ডারবাজি ও জঙ্গিবাদের’ কথা বলে- সেই ধনুক কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না মন্তব্য করে শিক্ষার্থীদের ‘সঠিক ধনুক’ বেছে নিতে বলেন তিনি।

সবশেষে শিক্ষার্থীদের তিনি বলেন, “আমার বর্তমানকে উৎসর্গ করলাম ভবিষ্যত প্রজন্মের জন্য। কথাটি সবার মনে রাখতে হবে।”

প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেয়ার পর কয়েকজন শিক্ষার্থীর অনুরোধে অটোগ্রাফও দেন ইনু।

‘চল আমরাই, নিজেরাই বদলাই…’ শ্লোগানকে ধারণ করে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির জন্য ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

এই প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে রয়েছে ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ), ব্যবস্থাপনায় ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ (ডিসিআরসি) এবং সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিজিবির অতিরিক্ত পরিচালক (শিক্ষা) মেজর হাফেজ মো. জোনায়েদ আহম্মদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ মুসারাত নাইমা, ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি)-এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।