২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে কারচুপি হলে কঠোর কর্মসূচি: রিজভী

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট কারচুপি হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

দ্বিতীয় দফা ভোটের আগের দিন বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগে করেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার ১৯ দলীয় জোটের নেতা-কর্মী ও প্রার্থীদের ওপর ‘আক্রমণের মাত্রা’ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন স্থানে হামলা হচ্ছে, মামলা দেয়া হচ্ছে।

“দ্বিতীয় দফার ভোটে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের অবাধ অপতৎপরতা বন্ধ করতে না পারলে মিছিলে আন্দোলনে কঠোর কঠিন কর্মসূচিতে উত্তাল করে তোলা হবে সারাদেশ।”

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি জাতীয় নির্বাচন বয়কট করলেও স্থানীয় সরকারের ভোট হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটের দিন বিএনপির পক্ষ থেকে ভোট কারচুপির অভিযোগ আনা হলেও ওইদিন ভোট হওয়া ৯৭ উপজেলার মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হন। তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর নেতারা নির্বাচিত হন ১৩ টি উপজেলায় চেয়ারম্যান পদে।

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে ১১৫টি উপজেলায় ভোট হবে।

এই নির্বাচন নিয়ে কথা বলতেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন রিজভী।

তিনি অভিযোগ করেন, “উপজেলা নির্বাচনে শাসকদল ভোট কেন্দ্রগুলো জনশূন্য রাখতে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে ত্রাস সৃষ্টি করছে। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে। নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ছাড়াও প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলছে।”

‘সতর্কতা, যোগ্যতা ও সাহসের পরিচয় দিয়ে’ সব প্রতিকূলতার মোকাবিলা করতে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনী বিধি লঙ্ঘনকারী, ভোটকেন্দ্র দখলকারী, জাল ভোট প্রদানকারী ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনকারীদের শুধু নয়, নির্বাচন নিয়ে সরকারের অবৈধ ও অন্যায় নির্দেশ মান্যকারী সরকারি কর্মকর্তাদের নাম-ঠিকানাও আপনাদের খাতায় ব্ল্যাক লিস্টেড করে রাখবেন।”

ঢাকার কেরানীগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা, ফেনীর পশুরাম, সিলেটের বালাগঞ্জ, মুন্সিগঞ্জের সদর, ভোলার বোরহানউদ্দিন, খুলনার ডুমুরিয়া, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘ভোট কারচুপি করে ফলাফল ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র’ চলছে বলেও তিনি অভিযোগ করেন।

দেশে নতুন করে জঙ্গি তৎপরতার সঙ্গে বিএনপিকে জড়িয়ে মঙ্গলবার সংসদে ক্ষমতাসীন দলের কয়েকজন সাংসদের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “গত পাঁচ বছর ধরে সরকার বলে আসছে, তারা নাকি দেশ থেকে জঙ্গি নির্মূল করেছে। তাহলে কীভাবে ত্রিশালে পুলিশ ভ্যান থেকে তিন জঙ্গিকে তাদের সহযোগীরা ছিনতাই করল?

কারা বাংলাদেশে জঙ্গিদের টিকিয়ে রেখেছে- তা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে মন্তব্য করে রিজভী বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগের শাসনামলেই এদেশে জঙ্গি উত্থান হয়েছিল। এই জঙ্গিগোষ্ঠী তাদেরই সৃষ্টি। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের সঙ্গে জঙ্গিদের কর্মকাণ্ডের অনেক মিল রয়েছে।”

মঙ্গলবার সংসদে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও সাংসদরা জঙ্গি উত্থানের জন্য বিএনপিকে অভিযুক্ত করেন এবং গত রোববার জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

এর জবাবে রিজভী বলেন, “জঙ্গিদের যে শিরোমনি শায়খ আবদুর রহমান, সে কোন পরিবারের সদস্য দেশের মানুষ ভালোভাবে তা জানে।”

অন্যদের মধ্যে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

উপজেলায় পাল্লা ভারী করল বিএনপি