২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রলীগের

যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের জরিপে ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে অরাষ্ট্রীয় সশস্ত্র দলগুলোর তালিকায় শীর্ষ তিনে ইসলামী শিবিরের নাম আসায় সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 01:14 AM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আইএইচএসের তালিকায় শিবিরের নাম শীর্ষে থাকায় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উদ্বেগ প্রকাশ করেন।

তাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “জামাত-শিবিরের ক্ষেত্রে সন্ত্রাস রীতিমতো প্রাতিষ্ঠানিক ব্যাপার। ইসলাম প্রতিষ্ঠার নামে এই চক্র ১৯৭১ সালে মানুষকে হত্যা করেছে, ঘরে আগুন দিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে।এখনও হত্যা, রগ কাটা অব্যাহত রেখেছে।”

১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস জেইন টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি সেন্টার তাদের জরিপের ভিত্তিতে অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠনগুলোর একটি তালিকা প্রকাশ করে।

তালিকায় ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে সক্রিয় অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠনগুলোর তৃতীয় শীর্ষ অবস্থানে  ইসলামী ছাত্র শিবিরের নাম এসেছে।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে এখনও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, মেধাবী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাদের হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বলা হয়, “এসব ঘটনা একাত্তরের বুদ্ধিজীবী নিধনেরই ধারাবাহিকতা। মূলত তারা চায় দেশের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল রেখে জাতির বিকাশকে বাঁধাগ্রস্ত করতে।”