সরকারের মিথ্যাচারে আইএইচএসের প্রতিবেদন: শিবির
সরকারের ‘মিথ্যা প্রচারণার’ কারণেই যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা আইএইচএসের প্রতিবেদনে অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠনের তালিকার শীর্র্ষ তিনে ইসলামী ছাত্রশিবিরকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
পাশাপাশি আইএইচএসের ওই প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্রশিবির।
মঙ্গলবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, “ছাত্রশিবিরের মতো গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী সংগঠনকে বিশ্বের শীর্ষ দশ অস্ত্রধারী গ্রুপের মধ্যে তালিকাভূক্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা বিস্মিত হয়েছি।”
এতে বলা হয়, “আইএইচএস কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিবেদক বাংলাদেশে ছাত্রশিবিরের বিরুদ্ধে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত মিথ্যা প্রপাগান্ডায় প্রভাবিত হয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছেন বলে আমরা মনে করি।”
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।“
১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস জেইন টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি সেন্টার তাদের জরিপের ভিত্তিতে অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠনগুলোর একটি তালিকা প্রকাশ করে।
তালিকায় ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে সক্রিয় অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠনগুলোর তৃতীয় শীর্ষ স্থানে ইসলামী ছাত্র শিবিরের নাম এসেছে।
আইএইচএসের জরিপ অনুযায়ী, এধরনের অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠনের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের বারিসান রেভোলুসি নাসিওনাল এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে তালিবান। এরপরেই রয়েছে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির।
আইএইচএসের ওই তালিকার সূত্র ও ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়, “ছাত্রশিবিরের অস্ত্রসংশ্লিষ্ট কোনো কার্যক্রমের বর্ণনা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি। কিসের ওপর ভিত্তি করে এ ধরনের তালিকা প্রণয়ন করা হয়েছে তার কোন স্পষ্ট বিবরণও প্রতিবেদনে নেই।
“আইএইচএস ১৯৯৭ সাল থেকে এ ধরনের জরিপ ও তালিকা প্রকাশ করে থাকে বলে ওয়েবসাইটে উল্লেখ থাকলেও বিগত বছরগুলোর জরিপের ফলাফল ও তালিকা ওয়েবসাইটে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এতে বিভিন্ন ‘উন্মুক্ত সূত্র’ হতে তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।”
