২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডার বাক্স ছিনতাইয়ের চেষ্টায় ছাত্রলীগ নেতার সাজা

সাতক্ষীরার তালা উপজেলায় টেন্ডার বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় এক ছাত্রলীগ নেতা এবং যুবলীগের এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 10:14 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)তৌফিকুর রহমান তাদেরকে সাজার এ আদেশ দেন।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্নাফ হোসেন শিম্পুকে(২৮)ছয় মাস এবং যুবলীগ কর্মী ফজলুর রহমানকে(৩১)দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন তিনি।

শিম্পু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমানের ভাতিজা এবং যুবলীগ কর্মী ফজলুর খলিষখালী গ্রামের আবুল হোসেনের ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের পরিচয় নিশ্চিত করেন।

তিনি জানান,হাটবাজার ইজারার টেন্ডার জমা নেয়ার জন্য একটি টেন্ডার বাক্স সকালে ইউএনও অফিস থেকে পাটকেলঘাটার ভূমি অফিসে পাঠানো হয়।

বেলা ১১টায় শিম্পুর নেতৃত্বে কয়েকজন যুবক টেন্ডার বাক্সটিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ভূমি অফিসের লোকজন শিম্পু ও ফজলুকে আটক করে পুলিশে দেয়।

ওসি আরো জানান,বিকালে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানের কার্যালয়ে হাজির করা হয়।

সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিম্পুকে ছয় মাস ও ফজলুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এর পরপরই তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।